স্ট্রোকে আক্রান্ত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন
মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রোববার সকাল ১০টার দিকে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
অসুস্থ শিক্ষার্থীর নাম জাহেদুল ইসলাম ওরফে সিমন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি চট্টগ্রামে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন জাহেদুল। দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আইসিইউতে রাখার পরামর্শ দেন। তবে শুরুতে হাসপাতালে আইসিইউ শয্যা না পাওয়ায় তাঁর চিকিৎসা নিয়ে জটিলতা তৈরি হয়।
বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে প্রশাসনের উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জাহেদুলের জন্য আইসিইউ শয্যার ব্যবস্থা করা হয়। এরপর সেখানে তাঁর চিকিৎসা চলতে থাকে। কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
চিকিৎসকেরা জানান, জাহেদুলের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় সড়কপথে দীর্ঘ যাত্রা তাঁর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণে তাঁকে দ্রুত ও নিরাপদে ঢাকায় স্থানান্তরের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন ছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে।
রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন মাঠ থেকে জাহেদুলকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে তাঁর জন্য আইসিইউয়ের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আইবিএর পরিচালক অধ্যাপক মো. শরিফুল ইসলাম বলেন, জাহেদুলের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তাঁকে অন্যভাবে স্থানান্তরে সম্মতি দেননি। পরে পরিবার ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাঁকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে আইসিইউয়ের ব্যবস্থা করতেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি সহযোগিতা করেছেন।
অসুস্থ শিক্ষার্থীকে ঢাকায় পাঠানোর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি বলেন, জাহেদুলের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তাঁর চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতামত দিন