এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা রাবি শিক্ষার্থী সাইমন মারা গেছেন
স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।
সাইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইবিএর পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, হ্যাঁ, সাইমন আজ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এভাবে তার চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর।
তিনি জানান, সাইমনের মরদেহ চট্টগ্রামে তার পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৮ আগস্ট) স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাইমন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পরদিন রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়।
পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সাইমনের অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন