রাবির হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল থেকে ফুয়াদ আল খতিব নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাবির শহীদ শামসুজ্জোহা হল থেকে ফুয়াদের মরদেহ উদ্ধার করে তার সহপাঠীরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ফুয়াদ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাসা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। তিনি শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষে থাকতেন।
এ বিষয়ে ফুয়াদের বন্ধু মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, গতকাল রাতে আমার বন্ধু বাড়ি থেকে এসেছে। রাতে খাওয়া দাওয়া শেষে মশারি টানিয়ে ঘুমিয়ে পড়ে সে। সিঙ্গেল রুম হওয়ায় এবং রাতে জার্নি করায় সকালে তাকে কেউ ডাকতে যায়নি। সারাদিন চলে যাওয়ায় আমি ও আমার বন্ধু সাব্বির রুমে গিয়ে দেখি সে শুয়ে আছে। নাড়া দিতেই তার মুখ দিয়ে লালা পড়ছিল এবং পুরো শরীর কালো হয়ে গেছিল। পরে আমরা তাকে রামেক হাসপাতালে নিয়ে আসি এবং কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বিষয়ে জানতে চাইলে মতিহার জোনের এডিসি একরামুল বলেন, মৃত্যুর খবর পেয়ে আমরা রামেক হাসপাতালে যাই। কর্তব্যরত চিকিৎসকরা জানান-তার মৃত্যু কয়েক ঘণ্টা আগে হয়েছে। আমরা এখন ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে