রাকসু জিএস আম্মারের আর্থিক লেনদেনের দায়ভার নেবে না ছাত্রশিবির
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের কোনো কর্মকাণ্ড বা আর্থিক লেনদেনের দায়ভার ইসলামী ছাত্রশিবির নেবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল এই অবস্থান ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে মুজাহিদ ফয়সাল অভিযোগ করে বলেন, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার দাপ্তরিক খরচের অজুহাতে তিন লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করেছেন এবং বিভিন্ন দপ্তরের নামে তা ব্যয় হিসেবে দেখিয়েছেন। শিবিরের দৃষ্টিতে এই ব্যয়ের হিসাব অবাস্তব ও অযৌক্তিক। শিবিরের প্রতিনিধিদের হিসাব অনুযায়ী, অন্যান্য সকল দপ্তরের সম্মিলিত খরচ ৫০ থেকে ৬০ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়। এরই প্রেক্ষিতে কোন দপ্তরে কত টাকা খরচ হয়েছে, তার সুনির্দিষ্ট নথি ও বিস্তারিত হিসাব দাবি করেন তিনি।
ফয়সাল স্পষ্টভাবে উল্লেখ করেন যে, সালাহউদ্দিন আম্মার শিবির সমর্থিত প্যানেলের সদস্য ছিলেন না। তাই তাঁর ব্যক্তিগত ও আর্থিক লেনদেন কিংবা কোনো দায়ভার সংগঠন হিসেবে শিবির গ্রহণ করবে না।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ৫ দফা দাবি উত্থাপন করেন শিবির সভাপতি । তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে পরবর্তী রাকসু নির্বাচনের সময়সূচি ঘোষণা, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক করার সুস্পষ্ট রূপরেখা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা প্রদান, একটি আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয় সিনেটকে পুরোপুরি কার্যকর করা।
রাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে শিবির সভাপতি ফয়সাল বলেন, আগের নির্বাচনের পর প্রায় ১০ মাস পার হয়ে গেছে। তাই প্রতি বছর নিয়মিত নির্বাচন নিশ্চিত করতে অনতিবিলম্বে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু করা উচিত।
শিক্ষার্থীবান্ধব বিভিন্ন অগ্রগতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের র্যাগিং বন্ধ, মাদকের ব্যবহার রোধ ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে অবদান রেখেছে ছাত্র সংগঠনটি। এর পাশাপাশি আসন বাণিজ্য, গেস্টরুম ও গণরুম কালচার বন্ধ করে বর্তমানে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে হলে আসন বরাদ্দ দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন হলের নির্বাচিত রাকসু প্রতিনিধি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মতামত দিন