Views Bangladesh Logo

বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা মূল্যায়ন সংস্থা ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট প্রকাশিত ‘বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিজ র‌্যাঙ্কিং ২০২৬-২০২৭’-এ বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০০ নম্বরের মধ্যে ৪৫ দশমিক ৫ স্কোর অর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬১২তম, এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৬তম এবং বাংলাদেশের মধ্যে শীর্ষ অবস্থান দখল করেছে।

গত ১৬ জুন ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে আসে। এতে দেখা যায়, আগের বছরের তুলনায় রাবির অবস্থানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

গত বছর একই র‌্যাঙ্কিংয়ে ৪১ দশমিক ৩ স্কোর নিয়ে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এক বছরের ব্যবধানে স্কোর ও অবস্থান—দুই ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, এই অর্জন আমাদের গবেষণা ও শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ফল। ভবিষ্যতে বৈশ্বিক অঙ্গনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, গবেষণার মান, আন্তর্জাতিক স্বীকৃতি, একাডেমিক সুনাম এবং বৈশ্বিক প্রভাবের বিভিন্ন সূচকের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং প্রস্তুত করা হয়। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার নতুন স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ