Views Bangladesh Logo

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া চারজনের বিরুদ্ধে আরও তদন্ত এবং তিন শিক্ষার্থীকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম তদন্ত কমিটির এসব সুপারিশের কথা জানান। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বলে জানান তিনি।

সাময়িক বহিষ্কারের সুপারিশ করা চার শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব, অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বিশাল চক্রবর্তী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে আরিফুল ইসলামের বিরুদ্ধেও এ সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসভাপতি তকবীর আহমেদ ইমন, ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী তানিম রহমানের বিরুদ্ধে আরও তদন্তের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে আরও তদন্তের সুপারিশ করেছে কমিটি। তাঁর বিরুদ্ধেও ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান ও শরিফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, তদন্ত কমিটি নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে এবং সেখানে তিন ধরনের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। পরবর্তী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে আরিফুল ইসলাম ও রাকিবুলের উসকানি দেওয়ার ভূমিকা ছিল। তাঁদের বিরুদ্ধে থাকা তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ছাত্রদলের হামলায় দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রাজশাহী ইউনিভার্সিটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর আহসান মৃদুলসহ ১০ জন আহত হন। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ