Views Bangladesh Logo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা খুঁজতে রাবিতে অনুসন্ধান কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ‘গোপন তৎপরতায়’ জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

বুধবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরও বিষয়টি নিশ্চিত করে।

অফিস আদেশে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম ও অন্যান্য সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগে যুক্ত থাকার অভিযোগে আলোচনায় রয়েছেন। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও কয়েকজন শিক্ষকের নাম এসেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে। সদস্য হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. গোলাম সাদিক, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান। সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদকে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অপসারণ বা বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, একজন সিন্ডিকেট সদস্যের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির কার্যক্রম শুরুর জন্য সভা আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, এই প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত ও অভিযোগের ভিত্তিতে প্রকাশিত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালত বা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়নি।




মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ