পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি
ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মবিরতি পালনের উদ্দেশ্যে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন কর্মকর্তা-কর্মচারীরা। তবে এ কর্মসূচি পালনকালে জরুরি পরিষেবা বিবেচনায় পরিবহন, বিদ্যুৎ, চিকিৎসা, পরীক্ষা, পানি এবং নিরাপত্তা-এই ছয়টি বিভাগ কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন।
তিনি বলেন, অন্য সব বিভাগের কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। তিনি আরও বলেন, “আমরা ‘কোটা’ শব্দটির বিরোধী নই। আমরা কেবল চাই আমাদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদান করা হোক। এ সুবিধাগুলো দেশের সব সরকারি প্রতিষ্ঠানে দেয়া হয়ে থাকে।”
মুক্তার হোসেন আরও বলেন, ‘আজ আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। আগামীকাল (৯ জানুয়ারি) সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করব এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ২ জানুয়ারি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে রাবির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে