রাবিতে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি ছাত্রদলের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জামায়াত-শিবিরের তথাকথিত ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্রদল। সংগঠনটির নেতারা সতর্ক করে বলেছেন, সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে না এলে বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করা হবে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের দলীয় টেন্টের পাশে দেয়াললিখন কর্মসূচির মাধ্যমে এ দাবি তুলে ধরা হয়।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পর জামায়াত-শিবির ইসলামিক পরিচয়ে নিজেদের উপস্থাপন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, অতীতেও তারা গোপন পরিচয়ে রাজনীতি করেছে এবং বিভিন্ন সময়ে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল।
রাহী আরও বলেন, ইসলামী ছাত্রশিবির অতীতে সহিংস রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং এখনো বিভিন্নভাবে তা অব্যাহত রাখার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী ভূমিকা এবং সাম্প্রতিক সময়েও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে তারা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শিবিরের গুপ্ত রাজনীতি আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ্য করা হবে না। তাদের অবিলম্বে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে, অন্যথায় তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হবে।”
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান দেয়াললিখনের মাধ্যমে শুরু হয়েছিল। একইভাবে দেয়াললিখনের মাধ্যমে দেশের সব ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে কোনো ধরনের গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না এবং বাংলাদেশবিরোধী শক্তি ও তাদের সহযোগীদের এ দেশে স্থান হবে না।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে