রাকসু ভিপির বক্তব্যের তীব্র নিন্দা আরটিজেএর, বক্তব্য প্রত্যাহারের দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক একটি মারধরের ঘটনার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন রাকসুর (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। একই সঙ্গে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৯ জুলাই) সংগঠনটির সভাপতি শ. ম. সাজু ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রাসেল যৌথ বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, রাকসু ভিপির এই ধরনের বক্তব্য সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার প্রতি সরাসরি হুমকি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সহিংসতার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।
আরটিজেএর নেতারা জোর দিয়ে বলেন, সংবাদমাধ্যমের মৌলিক দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনা অনুসন্ধান করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরা। কোনো প্রতিষ্ঠানে সংঘটিত নির্যাতন, সহিংসতা বা অনিয়মের সংবাদ প্রকাশের ফলে যদি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তবে তার দায় তাদের নিজেদের কর্মকাণ্ডের। কোনোভাবেই সেই দায় সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের ওপর বর্তায় না।
একজন ছাত্রনেতার কাছ থেকে দায়িত্বশীলতা ও সহনশীল আচরণ প্রত্যাশা করা হয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মুক্ত মতপ্রকাশ, তথ্যপ্রবাহের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থি।
আরটিজেএ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাংবাদিকরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জনস্বার্থে দায়িত্ব পালন করেন। কোনো ধরনের ভয়ভীতি বা হুমকির মুখে নতিস্বীকার না করে সাংবাদিক সমাজ তাঁদের বস্তুনিষ্ঠ কাজ চালিয়ে যাবে।
একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ক্যাম্পাসে সাংবাদিকদের কাজের জন্য একটি নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মতামত দিন