Views Bangladesh Logo

নির্ধারিত ভাড়ার বেশি নিলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী

নতুন করে বাসভাড়া নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর কিছুক্ষণ আগেই বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। মন্ত্রী বলেন, মঙ্গলবারই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন ভাড়া কার্যকর হবে।

ভাড়া বাড়ানোর কারণ ব্যাখ্যা করে শেখ রবিউল আলম বলেন, নির্ধারিত পদ্ধতি অনুযায়ী বাসভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ার কথা ছিল। তবে বাস মালিকদের সঙ্গে আলোচনার পর ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস মালিকরা এর চেয়ে কম ভাড়া বৃদ্ধিতে সম্মত ছিলেন না। এ ক্ষেত্রে বাসের রক্ষণাবেক্ষণ ব্যয়সহ পরিচালন ব্যয়ের বিষয়টিও তারা তুলে ধরেছেন।

মন্ত্রী বলেন, বাসভাড়া বাড়ানোর যেকোনো সিদ্ধান্তই সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। তবে আন্তর্জাতিক পরিস্থিতি ও জ্বালানি তেলের বাজারের বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে যাত্রী ও পরিবহন মালিক উভয় পক্ষের বিষয়টি সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

নতুন ভাড়া কার্যকরের পর পরিবহন মালিক বা শ্রমিকদের কেউ সরকার নির্ধারিত হারের বেশি ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হতে পারে বলে জানান তিনি।

এদিকে রেলভাড়া বাড়ানোর বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। তবে রেল ও নৌপথের ভাড়া নিয়ে পরশুদিন একটি বৈঠক অনুষ্ঠিত হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে। ওই বৈঠকে তাদের দাবিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হবে বলে জানান মন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ