Views Bangladesh Logo

লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে বর্ষসেরা অ্যালবামের শিরোপা জিতলেন রোসালিয়া

২৭তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘লাক্স’ অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন স্প্যানিশ গায়িকা রোসালিয়া।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত তারকাখচিত এই আয়োজনে বিভিন্ন ধারার সংগীতশিল্পীদের চোখধাঁধানো পরিবেশনা ছিল।

পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত রোসালিয়া স্প্যানিশ ভাষায় বক্তব্য শুরু করেন। ‘লাক্স’-কে তিনি নিজের শিল্পীজীবনে ব্যক্তিগত এক বড় সাহসী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। ২০১৮, ২০২২ ও ২০২৫ সালে প্রকাশিত নিজের আগের অ্যালবামের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘যেমন “এল মাল কেরের” ছিল স্বপ্নের মতো, “মোটোমামি” ছিল একটি ঝুঁকি, তেমনি “লাক্স” আমার কাছে শূন্যে ঝাঁপ দেওয়ার মতো।’’

একই অ্যালবামের ‘লা পের্লা’ গানটির জন্য বর্ষসেরা গানের পুরস্কারও পেয়েছেন রোসালিয়া। বক্তব্যে তিনি মেক্সিকোর প্রতি কৃতজ্ঞতা জানান এবং গানটিতে সহশিল্পী মার্কিন ত্রয়ী ইয়াহরিৎজা ই সু এসেনসিয়াকে মঞ্চে ডেকে নেন। এর আগে এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় অনুষ্ঠানের উদ্বোধনী পরিবেশনায় ‘লাক্স’ থেকে তিনটি গানের মেডলি পরিবেশন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জ্যোতির্বলয়ের মতো শিরোভূষণ পরা নৃত্যশিল্পীরা।

অনুষ্ঠানে বড় আকারে শ্রদ্ধা জানানো হয় ড্যাডি ইয়াঙ্কিকে। তিনি ২০২৬ সালের লাতিন গ্র্যামি পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন এবং এই সম্মান পাওয়া প্রথম লাতিন আরবানো শিল্পী। ‘রেগেটনের রাজা’ নামে পরিচিত এই শিল্পী ‘গাসোলিনা’, ‘দেসপাসিতো’, ‘কন কালমা’ ও ‘রোম্পে’সহ নিজের বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন। এতে তাঁর সঙ্গে ছিলেন বিসারাপ, ফেইদ, ফ্রেঞ্চ মন্টানা ও এলএল কুল জেসহ আরও অনেকে। জ্যানেট জ্যাকসন তাঁর হাতে সম্মাননা তুলে দেন। বক্তব্যে ড্যাডি ইয়াঙ্কি পুয়ের্তো রিকোর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘‘পুয়ের্তো রিকো ছোট নয়, মানচিত্রটাই ছোট।’’

অনুষ্ঠানে আরও পরিবেশনা করেন কারোল জি, আনিত্তা, মন লাফের্তে, কানি গার্সিয়া ও গ্রুপো ফ্রন্তেরা। এদিকে এদগার বারেরা লাতিন গ্র্যামিতে নিজের মোট জয়ের সংখ্যা ৩০-এ নিয়ে নতুন ইতিহাস গড়েছেন। এত দিন ২৯ জয় নিয়ে এ রেকর্ড ছিল রেনে পেরেসের।

‘নিনিয়ো’ গানের জন্য বর্ষসেরা রেকর্ডের পুরস্কার জিতেছেন মিলো জে। ‘ত্রোপিকোয়েতা’ অ্যালবামের জন্য সেরা আরবান মিউজিক অ্যালবাম হয়েছেন কারোল জি। কলম্বিয়ান গায়িকা আরিয়া বেগা সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন। ‘দোসিস’ অ্যালবামের জন্য সমকালীন মেক্সিকান অ্যালবাম বিভাগে নিজের প্রথম লাতিন গ্র্যামি পেয়েছেন শাভি।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আগে অনুষ্ঠিত পর্বে সেরা টেহানো অ্যালবামের পুরস্কার জেতেন বব্বি পুলিদো। সম্প্রতি টেক্সাস থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আসন জয়ের পর তিনি সংগীত থেকে অবসরের ঘোষণাও দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ