রূপপুরে চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, কবে শুরু হবে অনিশ্চিত: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
চলতি সেপ্টেম্বর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে না বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। কবে নাগাদ উৎপাদন শুরু হবে, সেটিও এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ইনোভেশন মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
রূপপুরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ফকির মাহবুব আনাম বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির চুল্লির দুটি সেফটি ভালভ কাজ করছে না। এ সমস্যা সমাধানে রাশিয়া থেকে বিশেষজ্ঞরা এসে কাজ করছেন। ফলে বিদ্যুৎ উৎপাদন শুরুর নির্দিষ্ট সময় এখনই বলা সম্ভব হচ্ছে না।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ঘটনাটিও তদন্ত করা হচ্ছে বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
বিদ্যুতের দাম দ্রুত নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় প্রধানমন্ত্রী ইনোভেশন মেলার উদ্বোধন করবেন বলে উল্লেখ করেন ফকির মাহবুব আনাম।
মন্ত্রী বলেন, উদ্ভাবনের সঙ্গে নীতি, শিল্পখাতে বিনিয়োগ এবং বাজারের সুযোগের সংযোগ তৈরি করাই এ মেলার মূল লক্ষ্য।
মতামত দিন