Views Bangladesh Logo

রূপপুরের প্রথম ইউনিটের সেফটি ভালভের সমস্যা সমাধান, জ্বালানির প্রথম চালান আসবে ২ অক্টোবর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রেসার অপারেটেড রিলিফ ভালভের (পিওআরভি) সমস্যা সমাধানের পর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। মূল নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ—উভয় জায়গা থেকেই পরিচালনা করা এই পরীক্ষায় ভাল্বগুলোর শতভাগ কার্যকারিতা নিশ্চিত করা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম।

রোসাটম সূত্রে জানা যায়, ভালভের ত্রুটি মেরামতের পর গত মঙ্গলবার রাতে নতুন করে পরীক্ষা শুরু হয়, যা বুধবার সকালে সফলভাবে শেষ হয়েছে। এতে মূল নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে ভাল্বগুলোর কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভাল্বের প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়।

এ বিষয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) এক কর্মকর্তা জানান, গত মে মাসে চুল্লির ট্রায়াল চলাকালে তাপমাত্রা বাড়ার সাথে সাথে ভালভটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। ভালভটির সমস্যার সমাধানে রাশিয়া থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ২২ সেপ্টেম্বর রূপপুরে আসে। বাংলাদেশি ও রুশ বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় সমস্যাটির সমাধান হয়েছে। প্রথম ধাপে ১৬ মেগাপাসকেল চাপে পরীক্ষা করা হয়। পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে পরীক্ষা করার কথা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, ১ হাজার ২০০ মেগাওয়াটের প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় ইউনিটের পরীক্ষা শুরু হবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য প্রথম চালানের পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা থাকলেও তা শুক্রবার দুপুরে আসবে।

রোসাটম জানিয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে একাধিক চালানের মাধ্যমে দ্বিতীয় ইউনিটের জ্বালানি বাংলাদেশে সরবরাহ করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ