রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২৮ এপ্রিল থেকে জ্বালানি লোডিং শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ২৮ এপ্রিল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সময় স্বল্পতার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, জ্বালানি লোডিংয়ের মাধ্যমে রূপপুর প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। আর চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারবে।
এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে, যার ফলে জ্বালানি লোডিংয়ের পথ উন্মুক্ত হয়।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহিদুল হাসান জানান, রিয়্যাক্টরে জ্বালানি লোডিং সম্পন্ন করতে ৩০ থেকে ৪০ দিন সময় লাগতে পারে। এরপর বিভিন্ন ধাপে পরীক্ষা-নিরীক্ষা ও চূড়ান্ত নিরাপত্তা বিশ্লেষণ সম্পন্ন করা হবে।
পদ্মা নদীর তীরে ঈশ্বরদীতে অবস্থিত এই ১২.৬৫ বিলিয়ন ডলারের প্রকল্পটি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে। দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর চালু হলে কেন্দ্রটি মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে