Views Bangladesh Logo

নভেম্বরে চালু হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বর মাসে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট চালুর লক্ষ্যে প্রস্তুতি চলছে।

তিনি বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। নভেম্বরের মধ্যে প্রথম ইউনিট চালু করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি পেমেন্ট এখনও বড় আর্থিক চাপ হিসেবে রয়ে গেছে উল্লেখ করে টুকু বলেন, এটি আগের সরকারগুলোর সময় থেকে চলে আসা একটি চ্যালেঞ্জ। বিদ্যমান আইনি ও চুক্তিগত বাধ্যবাধকতার কারণে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট চুক্তিগুলো পর্যালোচনা করছে। আইনি ও চুক্তিগত দিকগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ খাতের কাঠামোগত দুর্বলতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, গত কয়েক বছরে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়লেও বিতরণব্যবস্থা সেই হারে উন্নত হয়নি। ফলে উৎপাদন ও সঞ্চালনে অগ্রগতি সত্ত্বেও দেশের অনেক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এখনও কঠিন হয়ে পড়েছে।

তার ভাষায়, ‘অতীতের সরকারগুলো বিদ্যুতের আওতা সম্প্রসারণে বেশি গুরুত্ব দিলেও উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে পর্যাপ্ত সমন্বয় না থাকায় বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে।’

মন্ত্রী বলেন, অনিয়ন্ত্রিতভাবে বিতরণ লাইন সম্প্রসারণের কারণে এখনও অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিতরণব্যবস্থায়।

তিনি আরও জানান, পিজিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জাতীয় গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়ানো এবং বিদ্যুৎ বিতরণব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য বাস্তবসম্মত সমাধান নিয়ে আলোচনা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ