Views Bangladesh Logo

রূপপুরের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা (অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম) সফলভাবে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রটির নিরাপদ ও দক্ষ পরিচালনায় নতুন অগ্রগতি অর্জিত হয়েছে।

শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, গত ২৮ এপ্রিল প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হওয়ার মধ্য দিয়ে প্রকল্পটি চালুর প্রাথমিক পর্যায়ে প্রবেশ করে। এর ধারাবাহিকতায় আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে।

রসাটমের অটোমেশন ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ‘রসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস’ প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থাসহ মোট ২২টি সাব-সিস্টেম স্থাপন করেছে। এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ ইউনিটের কমিশনিং, যন্ত্রপাতির কার্যকারিতা, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া এবং রেডিয়েশন মনিটরিংসহ সার্বিক প্রযুক্তিগত কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা যাবে।

রসাটমের অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম বিভাগের ব্যবস্থাপনা পরিচালক গ্ল্যাব মোরাশভ বলেন, রূপপুর প্রকল্পের বিশেষ বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ন্ত্রণ ব্যবস্থায় বেশ কিছু উন্নয়ন ও পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো এখানে কমপ্যাক্ট বেঞ্চ-টাইপ নকশা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে স্বয়ংক্রিয় বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর প্রকল্পে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। থ্রি-প্লাস জেনারেশনের এই রিঅ্যাক্টর আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে রসাটম।

বর্তমানে একই প্রযুক্তির ছয়টি ইউনিট রাশিয়া ও বেলারুশে চালু রয়েছে। এছাড়া মিশর, হাঙ্গেরি, তুরস্ক ও চীনেও একই প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ