৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর
বিশ্ব ফুটবলের দীর্ঘদিনের এক অনন্য রেকর্ডে এবার নতুন নাম যুক্ত হলো। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর ঘরোয়া শীর্ষ লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড নিজেদের করে নিয়েছে। শনিবার আল খালিজের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর ৮৭ বছর ধরে অক্ষুণ্ণ থাকা রেকর্ডটি ভেঙে নতুন ইতিহাস গড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
এর আগে এই রেকর্ডের মালিক ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। ১৯৩৬ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১৯৩৯ সালের ৪ জুন পর্যন্ত স্থানীয় লিগে টানা ৯৩ ম্যাচে গোল করেছিল ক্লাবটির বিখ্যাত দল ‘লা মাকিনা’। ওই সময়ে রিভার প্লেটের হয়ে ৯৩ ম্যাচে মোট ৩০১ গোল হয়েছিল।
রিভার প্লেটের সেই ঐতিহাসিক রেকর্ডে ছিলেন হোসে ম্যানুয়েল মোরেনো ফার্নান্দেজ ও অ্যাডলফো পেদেরনেরার মতো কিংবদন্তি ফুটবলার। প্রায় নয় দশক পর সেই কীর্তিকে পেছনে ফেলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে আল নাসরের হয়ে প্রথম গোলটি করে রোনালদো ৯৩ ম্যাচের রেকর্ডে ভাগ বসান। এরপর শনিবার আল খালিজের বিপক্ষে আবদুল্লাহ আল-হামদানের গোলেই রেকর্ডটি পুরোপুরি নিজেদের করে নেয় আল নাসর।
২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে আল নাসরের টানা গোল করার এই ধারার শুরু। এরপর প্রতিটি ম্যাচেই অন্তত একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে সৌদি ক্লাবটি। সেই ধারাবাহিকতাই তাদের এনে দিয়েছে বিশ্ব ফুটবলের ঘরোয়া শীর্ষ লিগে নতুন রেকর্ড।
তবে রিভার প্লেটের আরও একটি কীর্তি এখনো অক্ষুণ্ণ রয়েছে। লিগের বাইরে স্থানীয় টুর্নামেন্ট ও কাপের ম্যাচও ধরলে আর্জেন্টাইন ক্লাবটি টানা ৯৬ ম্যাচে গোল করেছিল। এর মধ্যে ছিল ৯৩টি লিগ ম্যাচ এবং পেনিয়ারোলের বিপক্ষে দুটি ও রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি জাতীয় কাপ ম্যাচ। ফলে সামগ্রিক ঘরোয়া প্রতিযোগিতার হিসাবে রিভার প্লেটের সেই রেকর্ড এখনো টিকে আছে।
মতামত দিন