Views Bangladesh Logo

শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ রোনালদো

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শিরোপা হাতছাড়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। শনিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ফাইনালে নিজেদের মাঠে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরেছে আল নাসর।

কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ২৬ হাজার দর্শকের সামনে স্পষ্ট ফেভারিট ছিল আল নাসর। সৌদি আরবের প্রথম দল হিসেবে এই মহাদেশীয় প্রতিযোগিতা জয়ের সুযোগ ছিল তাদের সামনে। তবে ২৯ মিনিটে ইসাম জেবালির থ্রু পাসে বক্সের কিনারা থেকে নিখুঁত শটে জাল কাঁপান গাম্বা ওসাকার ফরোয়ার্ড ডেনিজ হুমেত। দ্বিতীয়ার্ধে আল নাসরের একের পর এক আক্রমণ ঠেকিয়ে সেই একমাত্র গোলের ব্যবধান ধরে রাখে জাপানি দলটি।

এর মাত্র কয়েক দিন আগে সৌদি প্রো লিগেও হতাশায় পড়তে হয়েছিল রোনালদোকে। আল হিলালের বিপক্ষে যোগ করা সময়ে নিজেদের গোলরক্ষক বেন্তোর আত্মঘাতী গোলে ১-১ ড্র করে আল নাসর। ওই ম্যাচে জয় পেলে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত।

২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখনও প্রথম শিরোপার অপেক্ষায় রয়েছেন সিআর সেভেন। তবে সুযোগ এখনও শেষ হয়নি। লিগে আরও এক ম্যাচ বাকি থাকতে আল হিলালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে আল নাসর। আগামী বৃহস্পতিবার নিজেদের মাঠে দামাকের বিপক্ষে জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হবে তাদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ