Views Bangladesh Logo

পেশাদার ফুটবল থেকে বিদায়ের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ের খুব কাছে পৌঁছে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা জানিয়েছেন, চলতি বছরই হয়তো পেশাদার ফুটবলে তার শেষ বছর হতে পারে। রোববার প্রকাশিত ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসরের পরিকল্পনা নিয়ে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই।’ তার বর্তমান ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়ার সম্ভাবনার কথা জানালেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

এর আগে একাধিকবার অবসরের প্রসঙ্গে কথা বললেও নির্দিষ্ট সময় জানাননি রোনালদো। গত নভেম্বরে তিনি বলেছিলেন, আরও এক থেকে দুই বছর খেলতে পারেন। ২০২৬ বিশ্বকাপকেই জাতীয় দলের হয়ে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে দেখেছিলেন তিনি। এবারের বিশ্বকাপে পর্তুগাল শেষ ষোলো থেকে স্পেনের কাছে বিদায় নেওয়ার পরও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

অবসরের পরের জীবন নিয়েও ইতোমধ্যে পরিকল্পনা করে রেখেছেন রোনালদো। ভোগকে তিনি জানান, ফুটবল ছাড়ার পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। পাশাপাশি ভ্রমণ, প্যাডেল খেলা এবং দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করা সাফল্য উপভোগ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। প্রায় ২৫ বছরের পেশাদার ক্যারিয়ারে যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, অবসরের পর সেই জীবনের অন্য দিকগুলো উপভোগ করতে চান এই তারকা।

স্পোর্টিং লিসবন দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা রোনালদো পরে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলেছেন। ২০২৩ সালের জানুয়ারিতে যোগ দেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছরের অধ্যায়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন তিনি। জাতীয় দলের হয়েও পুরুষ ফুটবলে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড তার দখলে।

এদিকে সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। ১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে হয়। ভোগকে দেওয়া সাক্ষাৎকারটি প্রকাশের সময়ের সঙ্গে এই বিয়ের বিষয়টিও সামনে এসেছে। ক্যারিয়ারের শেষদিকে এসে পরিবার, ভবিষ্যৎ জীবন এবং ফুটবল-পরবর্তী পরিকল্পনা নিয়ে রোনালদোর এমন বক্তব্যে তার অবসরের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ