নিজের বিয়ের খবর শুনে খুব মজা পেয়েছেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে গুঞ্জন নতুন নয়। তবে এবার সেই গুজবের কারণে বিপাকে পড়তে হয়েছে পর্তুগালের মাদেইরা দ্বীপের এক সাধারণ দম্পতিকে। রোনালদোর বিয়ের ভুয়া খবর বিশ্বাস করে হাজারো ফুটবলভক্ত ঐতিহাসিক একটি চার্চের সামনে জড়ো হন। এতে অন্য এক বর-কনের বিয়ের অনুষ্ঠান প্রায় ভণ্ডুল হওয়ার উপক্রম হয়।
ঘটনাটি ঘটে মাদেইরা দ্বীপের প্রায় ৫০০ বছরের পুরোনো ফুনচাল ক্যাথেড্রালে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, ৮ আগস্ট এই চার্চেই গোপনে আংটি বদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন রোনালদো ও জর্জিনা। এরপর রোনালদো-ভক্ত, পর্যটক ও সাংবাদিকদের ভিড় জমতে থাকে চার্চ চত্বরে।
তবে সেখানে বিয়ের আয়োজন চলছিল ফ্রান্সে বসবাসকারী পর্তুগিজ দম্পতি ফাবিও রামোস ও ফাতিমা নিকোল কুনিয়া তেইশেইরার। পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন কনে ফাতিমা একটি ভিনটেজ রোলস-রয়েস গাড়িতে করে ক্যাথেড্রালে পৌঁছান। উপস্থিত শত শত সমর্থক তাঁকে জর্জিনা মনে করে গাড়িটির দিকে ছুটে যান। কনেকে নিরাপদে চার্চের ভেতরে নিতে কনেযাত্রী ও নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পেতে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত চার্চের প্রধান ফাদার মার্কোস গনকালভেস মাইকে ঘোষণা দেন, এই বিয়ের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোনো সম্পর্ক নেই এবং ওই দিন চার্চে এটিই একমাত্র নির্ধারিত বিয়ে।
পরে ফুনচাল ক্যাথেড্রালের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, এমন পরিস্থিতির মুখোমুখি তারা আগে কখনো হয়নি। অতিরিক্ত ভিড়ের কারণে কনের চার্চে প্রবেশ করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। শুধু চার্চের সামনেই নয়, কাছের পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলের সামনেও ভক্তরা ভিড় করেন। তাঁদের ধারণা ছিল, সেখানে হয়তো রোনালদো-জর্জিনার বিয়ের রিসেপশন হতে পারে।
ঘটনার পর রোনালদোর বড় বোন এলমা অ্যাভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, রোনালদো নিজে কখনো বিয়ের ঘোষণা না দিলেও মানুষ কেন এমন খবর বিশ্বাস করছে। তাঁর অভিযোগ, গণমাধ্যমের একাংশ শুধু খবর তৈরির জন্য এ ধরনের গুজব ছড়ায়।
তবে পুরো ঘটনায় রোনালদো নিজে বরং মজাই পেয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনার একটি ভিডিওর নিচে পাঁচটি হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
২০১৬ সালে একটি গুচি শোরুমে পরিচয়ের পর থেকে রোনালদো ও জর্জিনা একসঙ্গে আছেন। পাঁচ সন্তান নিয়ে দীর্ঘদিনের সম্পর্ক হলেও এখন পর্যন্ত তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ের কোনো তারিখ ঘোষণা করেননি।
মতামত দিন