মাদেইরায় বসছে রোনালদো-জর্জিনার বিয়ের আসর
ক্রিস্টিয়ানো রোনালদো ও দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সম্পর্ক এবার বিয়ের পরিণতি পেতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, আগামী শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপে বিয়ে করবেন এই তারকা জুটি। ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। এরপর অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে বিলাসবহুল পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলে। বিয়ের নিরাপত্তার কারণে হোটেলের দুটি তলা ও কয়েকটি বার শুক্রবার ও শনিবার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফুনচাল রোনালদোর জন্ম ও বেড়ে ওঠার শহর হওয়ায় এই স্থানটি তাঁর জন্য বিশেষ আবেগের। শৈশবের সংগ্রাম পেরিয়ে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হওয়া রোনালদো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি নিজের জন্মভূমিতেই উদ্যাপন করতে যাচ্ছেন। ২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে জর্জিনার সঙ্গে তাঁর পরিচয় হয় এবং সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক। গত বছর জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। সম্প্রতি দুজনকে হীরার আংটি পরা অবস্থায় দেখা যাওয়ার পর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। বিশ্বকাপ শেষে বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো, আর এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই আলোচিত তারকা জুটি।
মতামত দিন