আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
লিওনেল মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বে এসেছে পরিবর্তন। ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ৩৯ বছর বয়সী মেসির উত্তরসূরি হিসেবে এবার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর হাতে। প্রধান কোচ লিওনেল স্কালোনি আনুষ্ঠানিকভাবে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন।
বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা রোমেরো দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য। মেসির পাশাপাশি অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর রক্ষণভাগের নেতৃত্বও অনেকটাই তার ওপর নির্ভর করছে। স্কালোনি ও তার কোচিং স্টাফের পরিকল্পনায় আগে থেকেই রোমেরোকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা হচ্ছিল। ফলে অধিনায়কত্বের সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি।
আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের পেছনেও রোমেরোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। রক্ষণে দৃঢ়তা, মাঠে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং ড্রেসিংরুমে প্রভাবের কারণে দলের নেতৃত্বের জন্য রোমেরোকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছেন কোচিং স্টাফ।
জাতীয় দলের হয়ে এর আগেও কয়েকটি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন রোমেরো। ফলে নতুন ভূমিকায় তার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা হবে না। তবে মেসির মতো দীর্ঘদিনের অধিনায়কের বিদায়ের পর দলের নেতৃত্ব নেওয়াটা যে বড় দায়িত্ব, সেটি বলার অপেক্ষা রাখে না।
রোমেরোর নেতৃত্বকে শক্তিশালী করতে দলের অভিজ্ঞ খেলোয়াড়দেরও পাশে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের মতো সিনিয়র ফুটবলাররা নতুন অধিনায়ককে সহযোগিতা করবেন। সহ-অধিনায়কের দায়িত্বে দিবু মার্তিনেজ কিংবা নিকোলাস তাগলিয়াফিকোর নামও আলোচনায় রয়েছে।
মেসি-পরবর্তী আর্জেন্টিনা এখন নতুন প্রজন্মের নেতৃত্বে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জে। সেই যাত্রায় রোমেরোর হাতে ওঠা আর্মব্যান্ড শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, বিশ্বচ্যাম্পিয়ন দলটির নতুন এক অধ্যায়ের সূচনাও।
মতামত দিন