Views Bangladesh Logo

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

ঘোষণায় বলা হয়, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নম্বর–৩২, যা সরকারি গেজেট নম্বর–৩৩৫-এ প্রকাশিত হয়েছে, তার অধীনে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আসা অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এতে অবৈধভাবে অবস্থান করা বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন।

বিশেষ করে, যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর অনাকাঙ্ক্ষিত কারণে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধা নিতে পারবেন। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ যদি কাজের ভিসায় রোমানিয়ায় গিয়ে নির্ধারিত প্রতিষ্ঠানে চাকরি না পান এবং ৯০ দিনের মধ্যে নতুন নিয়োগকর্তা খুঁজে নিতে ব্যর্থ হন, তাহলে তিনি অবৈধ হয়ে যান।

এ ছাড়া কিছু ক্ষেত্রে নিয়োগকর্তা কর্মীর বেতন থেকে কর কেটে নিলেও তা সরকারি কোষাগারে জমা দেন না বা সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেন না। এসব কারণেও অনেক কর্মী অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন।

এ অবস্থায় বৈধভাবে প্রবেশ করে পরবর্তীতে অবৈধ হয়ে পড়া কর্মীদের রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নতুন আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে।

তবে এ সুবিধা পেতে হলে কর্মীদের অবশ্যই নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে। সেই প্রতিষ্ঠানের অধীনে কাজের অনুমতি নিতে হবে এবং পরবর্তীতে বসবাসের অনুমতিপত্রের জন্য আবেদন করতে হবে।

দূতাবাস জানিয়েছে, নতুন এ প্রক্রিয়ায় শুরুতে কিছু জটিলতা থাকতে পারে। প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে যারা ইতোমধ্যে দেশে ফেরার নির্দেশ পেয়েছেন বা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষ।

আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই সুযোগ কার্যকর থাকবে বলে জানিয়েছে দূতাবাস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ