ইলিয়াস কাঞ্চনের বাসায় রোজিনা, চাইলেন সবার দোয়া
দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন পর দেশে ফেরা সহশিল্পীকে দেখতে তার গুলশানের বাসায় গিয়েছিলেন জ্যেষ্ঠ চিত্রনায়িকা রোজিনা।
সেখানে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কুশল বিনিময় করেন রোজিনা এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করে অভিনেতার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে একাধিক ছবি প্রকাশ করে রোজিনা লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়দিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়। কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে যাবেন।’
কাঞ্চনের চিকিৎসার পরবর্তী ধাপের কথা জানিয়ে রোজিনা আরও লিখেছেন, ‘লন্ডনের ডাক্তাররা বলেছে এই মাসের ১২ তারিখে আবার লন্ডনে চলে যাবে কাঞ্চন চিকিৎসার জন্য। আপনারা সবাই দোয়া করবেন কাঞ্চনের জন্য, মহান আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন।’
ইলিয়াস কাঞ্চনের সেবাযত্নে তার স্ত্রী, সন্তান ও জামাই নিয়মিত দেখভাল করছেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উল্লেখ করেন রোজিনা।
ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যে তার চিকিৎসা চলছে। ওই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি।
চিকিৎসকদের পরামর্শে এরপর তিন ধাপে তাকে প্রায় ১০০টি কেমোথেরাপি নিতে হয়েছে বলে জানা গেছে। দীর্ঘ চিকিৎসার পরও আশানুরূপ উন্নতি না হওয়ায় চিকিৎসা অব্যাহত রাখতে আবার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দিনের জন্য দেশে ফিরেছেন এই অভিনেতা।
মতামত দিন