শচীনের রেকর্ড ভেঙে ওপেনার হিসেবে নতুন মাইলফলকে রোহিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডেতে ওপেনার হিসেবে নিজের ২০০তম ইনিংসে ব্যাট করতে নেমে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।
গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন রোহিত। তবে ৩২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ৩৮ বলের ইনিংসে দুটি চার ও তিনটি ছক্কা হাঁকান এই অভিজ্ঞ ব্যাটার।
এই ইনিংসের ফলে ওয়ানডেতে ওপেনার হিসেবে ২০০ ইনিংসে রোহিতের মোট রান দাঁড়িয়েছে ৯ হাজার ৮৯৭। একই অবস্থানে শচীনের রান ছিল ৯ হাজার ২১৭। ফলে ওপেনার হিসেবে ২০০ ইনিংস শেষে সর্বোচ্চ রানের রেকর্ড এখন রোহিতের দখলে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটির আগের ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করে আলোচনায় ছিলেন রোহিত। লন্ডনের লর্ডসে ১১০ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ওই ইনিংসের পর তার অবসর নিয়ে চলা নানা জল্পনারও অবসান ঘটে।
ওয়ানডেতে এখন পর্যন্ত ২৮৮ ম্যাচে রোহিতের সংগ্রহ ১১ হাজার ৯২৭ রান। তার ব্যাট থেকে এসেছে ৩৪টি সেঞ্চুরি। ওয়ানডেতে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৬৪ রান, যা এখনো বিশ্বরেকর্ড। ওপেনার হিসেবে ১০ হাজার ওয়ানডে রান পূর্ণ করতে তার প্রয়োজন আর ১০৩ রান। এই কীর্তি গড়া একমাত্র ভারতীয় ওপেনার শচীন টেন্ডুলকার।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছক্কার হিসাবেও রোহিত রয়েছেন ওপরের সারিতে। ক্যারিবীয়দের বিপক্ষে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৩৮টি, যা এবি ডি ভিলিয়ার্সের পর দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দেন জন ক্যাম্পবেল ও জাস্টিন গ্রিভস। গ্রিভস ১০১ রানের ইনিংস খেলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। তবে পরের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি।
পরে আমির জাঙ্গু ও রোস্টন চেজ ৫২ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
মতামত দিন