Views Bangladesh Logo

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন অঞ্চলে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উখিয়ার পালংখালী সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইনের চাকমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. ইউনুস উখিয়া ক্যাম্প-১৯-এর বাসিন্দা। বিস্ফোরণের পর তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেক রোহিঙ্গা জীবিকার তাগিদে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে কখনও কখনও মিয়ানমার সীমান্তে প্রবেশ করে। এ সময় সেখানে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

ক্যাম্প-১৯-এর মাঝি লিয়াকত হোসেন জানান, বুধবার সকালে ইউনুস মাছ ধরতে গিয়ে বিস্ফোরণের শিকার হন। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া (৬৪) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে, তবে কিছু রোহিঙ্গা কৌশলে সীমান্ত অতিক্রম করে থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ