উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উখিয়া উপজেলায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উখিয়া সীমান্তের বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাটাপাহাড় পোস্ট সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা যুবক আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত সালমান উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা মো. নিজামত আলীর ছেলে। তিনি কী কারণে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে বিজিবি।
এর আগে রোববার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হন। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হন।
সীমান্তের বিভিন্ন সূত্র ও বিজিবির তথ্যমতে, গত দেড় বছরে নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষ পা হারিয়েছেন বা গুরুতর আহত হয়েছেন। এছাড়া অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
স্থানীয়দের দাবি, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা মাইন থেকেই এসব বিস্ফোরণ ঘটছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে