Views Bangladesh Logo

নাফ নদীতে আরাকান আর্মির গুলি, সাঁতরে বাংলাদেশে এসে প্রাণ বাঁচালেন রোহিঙ্গা যুবক

কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। পরে গুলিবিদ্ধ অবস্থায় কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশে এসে পৌঁছান তিনি। স্থানীয় লোকজন ও বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উখিয়া সীমান্তের ছোটবিল পোস্টসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ছোটবিল সীমান্ত পোস্টের কাছে গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গা যুবককে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে বিজিবির সদস্যদের সহযোগিতায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

আহত যুবকের নাম মো. আইয়ুব (২৮)। তিনি উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৪ ব্লকের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব জানান, শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে তিনি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রায় পাঁচ কিলোমিটার দূরের বগারদিয়া এলাকায় যান। সেখানে অবস্থানকালে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি-এর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি আহত হন।

আইয়ুবের দাবি, গুলিবিদ্ধ হওয়ার পরও তিনি কোনোভাবে নিজেকে সামলে নেন এবং প্রাণ বাঁচানোর জন্য নাফ নদীতে ঝাঁপ দেন। পরে দীর্ঘ সময় সাঁতরে বাংলাদেশ সীমান্তে পৌঁছাতে সক্ষম হন।

উদ্ধারের পর তাকে দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার শরীরে গুলির আঘাত রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সীমান্তবর্তী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ে উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে আরাকান অঞ্চলে সংঘাত বৃদ্ধির প্রভাব সীমান্ত এলাকাতেও পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজিবি জানিয়েছে, ঘটনাটির বিষয়ে তারা তথ্য সংগ্রহ করছে এবং সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি আহত রোহিঙ্গা যুবকের নিরাপত্তা ও চিকিৎসার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ