Views Bangladesh Logo

ভোটার হতে গিয়ে জাতীয় সংগীত গাইতে না পেরে আটক রোহিঙ্গা যুবক

রংপুরের পীরগঞ্জে ভোটার হতে গিয়ে শওকত নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শওকত পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয়ে ভোটার হওয়ার জন্য উপজেলা নির্বাচন কার্যালয়ে যান। এ সময় তিনি ওই ইউনিয়নের নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র জমা দেন। তবে যাচাই-বাছাইয়ের সময় তার পরিচয় ও কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে শওকত জানান, টেকনাফ থেকে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তিনি পীরগঞ্জে আসেন। ওই ব্যক্তি তাকে পীরগঞ্জের নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলেছিলেন। পীরগঞ্জে আসার পর ওই ব্যক্তি তাকে উপজেলা নির্বাচন কার্যালয়ে নিয়ে গিয়ে বাইরে চলে যান। যাওয়ার সময় তার মোবাইল ফোন থেকে নিজের ব্যবহৃত নম্বরটিও মুছে দেন। ফলে ওই ব্যক্তির নাম-পরিচয় বা ঠিকানা সম্পর্কে শওকত কিছু বলতে পারেননি।

পাঁচগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মন্ডল বলেন, শওকত যে কাগজপত্র দেখিয়েছেন, সেগুলো ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়নি। এসব কাগজে আমার স্বাক্ষর ও ইউনিয়ন পরিষদের সিল জাল করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বলেন, শওকতকে দেখে তাদের সন্দেহ হয়েছিল। পরে তার কথাবার্তা শুনে তাকে জাতীয় সংগীত গাইতে বলা হয়। কিন্তু তিনি জাতীয় সংগীত গাইতে পারেননি। এতে তার নাগরিকত্ব নিয়ে সন্দেহ আরও জোরালো হয়। পরে জিজ্ঞাসাবাদে তার বক্তব্য থেকেও তিনি রোহিঙ্গা হতে পারেন বলে ধারণা করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, আটক যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে। টেকনাফ থেকে স্থানীয় এক ব্যক্তি তাকে পীরগঞ্জে নিয়ে এসেছিলেন। ওই ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ