উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন হয়েছে।
রোববার বেলা একটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুল হাকিম (১৫) বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৯) বাসিন্দা।
স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, নাফ নদী-এর ভেতরে জেগে ওঠা চরের আশপাশে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি স্থলমাইন পুঁতে রেখেছে। মাছ ধরতে গিয়ে এসব মাইনের একটিতে পা পড়লে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে কিশোরের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে আরেকটি মাইন বিস্ফোরণে শহীদুল ইসলাম (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন, যেখানে তার একটি পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সীমান্তবর্তী চর ও দ্বীপ এলাকায় পুঁতে রাখা এসব স্থলমাইনের কারণে রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশি জেলেরাও ঝুঁকির মধ্যে রয়েছেন। আতঙ্কে অনেক জেলে এখন নাফ নদীতে মাছ ধরতে যেতে পারছেন না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে