Views Bangladesh Logo

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গাদের একটি অংশ পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। পাশাপাশি তাদের আশ্রয় দেওয়ার কারণে দেশের অর্থনীতিতেও বড় ধরনের চাপ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাপ্রধান বলেন, রোহিঙ্গাদের উপস্থিতির কারণে বাংলাদেশকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে পরিবেশের ওপর বিরূপ প্রভাবের পাশাপাশি মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট শুধু নিরাপত্তা বা মানবিক বিষয়েই সীমাবদ্ধ নেই। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থানের কারণে দেশের অর্থনীতির ওপরও উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের হাতে সনদপত্র তুলে দেন সেনাপ্রধান। এবারের কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ৩৭ জন অংশ নেন।

তিন সপ্তাহের এ কোর্সে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ