রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী
দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থানের কারণে বাংলাদেশে ব্যাপক চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে এই সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয়।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে রোহিঙ্গা সংকট সমাধানের চ্যালেঞ্জ ও কৌশল নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন এ বৈঠকের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনের সব পর্যায়ে রোহিঙ্গা সংকটকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে। অন্য কোনো ইস্যুর কারণে এই সংকট যেন আন্তর্জাতিক মনোযোগের বাইরে চলে না যায়, সেদিকেও নজর দিতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি। প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।
বাংলাদেশে কাজ করা জাতিসংঘের প্রতিনিধি এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ কাজে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এখন সবচেয়ে বেশি প্রয়োজন।
মতামত দিন