Views Bangladesh Logo

আইওএমের গাড়ির ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর ই/০১ ব্লকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইওএম পরিচালিত একটি গাড়ি ক্যাম্পের ভেতর দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। নিহত আবু ওয়াইদা ক্যাম্প-১৩-এর জি/০৪ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মৌলবী আবদুল্লাহ এবং মায়ের নাম হামিদা।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রোহিঙ্গারা ঘটনাস্থলে জড়ো হয়ে আইওএমের গাড়িটি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্প ইনচার্জের নির্দেশে তানজিমারখোলা, ঘোনারপাড়া ও জামতলী এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অতিরিক্ত সহিংসতা এড়ানো সম্ভব হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায়। তাকে আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ক্যাম্পে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

এদিকে নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ক্যাম্পের পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন, ক্যাম্প এলাকায় চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। ক্যাম্পের বাসিন্দা আয়াছ উদ্দিন বলেন, ঘনবসতিপূর্ণ এই ক্যাম্পে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরি এবং এনজিও পরিচালিত যানবাহনের চলাচলে কঠোর নিয়মকানুন আরোপ করা প্রয়োজন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ