Views Bangladesh Logo

নতুন জেমস বন্ডের ভূমিকায় রবার্ট প্যাটিনসন

নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ভক্তদের অনেকেই বলছেন, এর মধ্য দিয়ে প্যাটিনসন সিনেমার অন্যতম জনপ্রিয় দুই চরিত্র—ব্যাটম্যান ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের গোপন এজেন্ট ০০৭—এর ভূমিকায় অভিনয়ের সুযোগ পেলেন।

এর আগে পর্দায় ‘ডার্ক নাইট’ ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেছেন প্যাটিনসন। এবার তাঁকে দেখা যাবে কিংবদন্তি গুপ্তচর জেমস বন্ডের ভূমিকায়। এ খবরে ভক্তদের মধ্যে যেমন উচ্ছ্বাস তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা রসিকতা।

ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রতিক্রিয়ার ঝড় ওঠে। একই অভিনেতার মাধ্যমে ব্যাটম্যান ও জেমস বন্ডের মতো দুটি জনপ্রিয় চরিত্রের মিলনকে অনেকে অভিনব ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

এক ভক্ত প্যাটিনসনকে ‘সবচেয়ে দুর্দান্ত মানুষ’ আখ্যা দিয়ে লিখেছেন, এখন থেকে তিনি দুই কিংবদন্তি চরিত্রেই অভিনয় করবেন।

এর আগে যাঁরা জেমস বন্ড হয়েছেন

ইওন প্রোডাকশন্সের নির্মিত জেমস বন্ড চলচ্চিত্র সিরিজে প্যাটিনসনের আগে ছয়জন অভিনেতা এই চরিত্রে অভিনয় করেছেন।

সিন কনারি ছিলেন প্রথম জেমস বন্ড। ১৯৬২ সালে তাঁর এই চরিত্রে অভিষেক হয়। ১৯৭১ সাল পর্যন্ত তিনি বন্ডের ভূমিকায় অভিনয় করেন। এরপর ১৯৬৯ সালে জর্জ ল্যাজেনবি একবারের জন্য চরিত্রটিতে অভিনয় করেন।

১৯৭৩ সালে জেমস বন্ডের ভূমিকায় আসেন রজার মুর। ১৯৮৫ সাল পর্যন্ত তিনি এই চরিত্রে ছিলেন। টিমোথি ডালটন ১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে দুটি চলচ্চিত্রে বন্ডের ভূমিকায় অভিনয় করেন।

এরপর ১৯৯৫ থেকে ২০০২ সালের মধ্যে চারটি বন্ড চলচ্চিত্রে অভিনয় করেন পিয়ার্স ব্রসনান। সর্বশেষ ড্যানিয়েল ক্রেইগ ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচটি চলচ্চিত্রে ০০৭ চরিত্রে অভিনয় করেন। ক্যাসিনো রয়্যাল দিয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল, শেষ হয় নো টাইম টু ডাই চলচ্চিত্রের মধ্য দিয়ে।

০০৭ চরিত্রে আলোচনায় ছিলেন যাঁরা

ড্যানিয়েল ক্রেইগের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে কয়েক মাস ধরেই নানা জল্পনা চলছিল। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছিল বেশ কয়েকজন অভিনেতার নাম। তাঁদের মধ্যে ছিলেন জ্যাকব এলর্ডি ও জ্যাক লোডেন।

ভক্তদের পছন্দের তালিকায় ছিলেন ক্যালাম টার্নারও। ক্রেইগের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ