Views Bangladesh Logo

চট্টগ্রামে ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একটি বৌদ্ধবিহারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর বিজয়া রামবিহারে মুখোশধারী কয়েকজন অস্ত্রধারী ঢুকে এক ভিক্ষুকে জিম্মি করে টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

বিহারটির ভিক্ষু জ্ঞান রক্ষিত জানান, ধর্মীয় কার্যাদি সম্পন্ন করার জন্য ভোররাত ৪টার দিকে তিনি নিজের কক্ষের দরজা খোলেন। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি দা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তার কক্ষে ঢুকে পড়েন। পরে তাকে খাটের ওপর বসিয়ে অস্ত্রধারীরা বলেন, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে।’

একপর্যায়ে তার কাছ থেকে আলমারির চাবি নিয়ে নেয় ডাকাতরা। এরপর আলমারি খুলে প্রায় ৩০ হাজার টাকা, একটি সাউন্ড বক্সসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।

জ্ঞান রক্ষিত বলেন, ডাকাতেরা চলে যাওয়ার সময় তার কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে পাশের কক্ষে থাকা দুই শ্রমণকে ডেকে দরজা খোলার ব্যবস্থা করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম। তিনি বলেন, বৌদ্ধবিহারে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিহার কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ