ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহকে ছুরিকাঘাত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চাহিদামতো টাকা ও মালামাল না পেয়ে মরদেহের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়, যা এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে। এ ঘটনায় নারীসহ ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয়দের দাবি, এ ধরনের ন্যক্কারজনক ও ঘৃণিত ঘটনা এলাকায় এর আগে কখনো ঘটেনি। স্বজনদের চোখের সামনে মৃত ব্যক্তির ওপর হামলার দৃশ্য এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।
এ ঘটনায় আহতরা হলেন-অ্যাম্বুলেন্সের চালক মো. ফিরুজ মিয়া, গাড়ির মালিক মো. খলিল মিয়া, নিহতের স্বজন রাসেল মিয়া, ছালেক মিয়া, নাহিদ মিয়া, মো. আলমগীর মিয়া, মো. সালাউদ্দিন, আলেয়া বেগম ও আলী নেওয়াজ মিয়া।
নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের বাসিন্দা ছবদর আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার মিরপুর আহসানিয়া হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে তিলপাড়া এলাকায় পৌঁছলে সশস্ত্র ডাকাতরা সড়কে গাছ ফেলে গাড়ি আটকায়। এরপর অ্যাম্বুলেন্সে হামলা ও ভাঙচুর করে ৯টি মুঠোফোন এবং প্রায় অর্ধলাখ টাকা ছিনিয়ে নেয়।
নিহতের ছেলে মো. আলমগীর মিয়া বলেন, “টাকা পয়সা নিছে সেটা এতোটা কষ্টদায়ক না। কিন্তু আমার বাবা একটি মৃত লাশ। তার ওপর হামলা কোনোভাবেই মেনে নিতে পারছি না। বাবার লাশ দাফন করে আইনগত পদক্ষেপের দিকে অগ্রসর হব।”
স্থানীয় বাসিন্দা মো. মুসলে উদ্দিন বলেন, “ভোর সকাল এবং সন্ধ্যায় এই রাস্তাটি ভুতুড়ে জায়গায় পরিণত হয়। এই সড়কে কিছুদিন পরপর ডাকাতি হয়। রাতের চেয়ে বেশি দিনে হয়।”
স্থানীয় আইনজীবী মো. রেজাউল হক আমজাদ বলেন, “এটি কেবল ডাকাতি নয়, লাশবাহী গাড়িতে হামলা। যেখানে মর্যাদার শেষ চিহ্নটুকুও রক্ষা পায়নি। স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়া একটি পরিবারের ওপর এমন ডাকাতির হামলা খুবই ন্যক্কারজনক।”
ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম বলেন, “এই এলাকাটি ঝুঁকিপূর্ণ। এর আগেও একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ব্যাপারে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, “লাশবাহী গাড়িতে ডাকাতি খুবই পীড়াদায়ক।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে