Views Bangladesh Logo

বিদ্যুৎহীন রাতে বাইরে বসা এসিল্যান্ডের ওপর ডাকাতদের হামলা, আহত ৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎ না থাকায় বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সশস্ত্র ডাকাত দলের হামলার শিকার হয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) সাকিব হাছান খান। হামলায় তিনি ছাড়াও আরও পাঁচজন আহত হয়েছেন। একই রাতে ওই ডাকাত দল পাশের এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এবং রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজারের ধন্দী গ্রামের বাসিন্দা সাকিব হাছান খান ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল সেখানে এসে অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খান, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)-কে গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। জানা গেছে, এসিল্যান্ড সাকিব হাছান খান বুকে আঘাত পেয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, হামলার প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, ডাকাতরা পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কুপিয়েছে। আহত এসিল্যান্ড চিকিৎসা নিয়েছেন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ