Views Bangladesh Logo

মৃত্যুর ৯ মাস পর মরণোত্তর এমি অ্যাওয়ার্ড পেলেন রব রাইনার

মৃত্যুর প্রায় নয় মাস পর মরণোত্তর এমি অ্যাওয়ার্ড পেলেন হলিউডের কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা রব রাইনার। ‘দ্য বিয়ার’ সিরিজে অভিনয়ের জন্য ‘আউটস্ট্যান্ডিং গেস্ট অ্যাক্টর (কমেডি)’ বিভাগে এ সম্মাননা দেওয়া হয়েছে তাকে।

৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্রিয়েটিভ আর্টস এমি অনুষ্ঠানে কলাকুশলী ও অতিথি শিল্পীদের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে রব রাইনারের হয়ে পুরস্কার গ্রহণ করেন উপস্থাপক ওয়েন্ডি ম্যাকক্লেন্ডন-কোভে। এ সময় উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে এক মিনিট করতালি দিয়ে প্রয়াত অভিনেতা ও নির্মাতার প্রতি শ্রদ্ধা জানান।

এই পুরস্কার জয়ের মধ্য দিয়ে বাবার গড়া একটি রেকর্ডও ভেঙেছেন রব রাইনার। ১৯৭৮ সালে ক্লাসিক কমেডি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’র জন্য সর্বশেষ এমি জিতেছিলেন তিনি। এরপর ৪৮ বছর পর আবার এমি জিতে দুটি পুরস্কারের মধ্যে দীর্ঘতম ব্যবধানের রেকর্ড গড়েছেন রব।

এর আগে এ রেকর্ড ছিল তার বাবা কার্ল রাইনারের দখলে। ১৯৫৮ সালে ‘সিজার্স আওয়ার’-এর জন্য এমি জয়ের পর ১৯৯৫ সালে ‘ম্যাড অ্যাবাউট ইউ’ সিরিজের জন্য আবার পুরস্কৃত হন কার্ল রাইনার। দুই জয়ের মধ্যে তার ব্যবধান ছিল ৩৭ বছর।

গত বছরের ডিসেম্বরে লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়ি থেকে রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর পরও অভিনয়জীবনের এই স্বীকৃতি নতুন করে আলোচনায় এনেছে হলিউডের এই বর্ষীয়ান তারকাকে।

এদিকে এবারের প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। সেদিন প্রধান বিভাগগুলোর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবারের মনোনয়নে ২৫টি বিভাগে মনোনয়ন পেয়ে এগিয়ে রয়েছে এইচবিও ম্যাক্সের মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’। ২৪টি মনোনয়ন নিয়ে পরের অবস্থানে রয়েছে একই প্ল্যাটফর্মের কমেডি সিরিজ ‘হ্যাকস’।

নতুন সিরিজগুলোর মধ্যে অ্যাপল টিভির ‘উইডোজ বে’ পেয়েছে ১৯টি এবং ‘প্লুরিবাস’ পেয়েছে ১৮টি মনোনয়ন। সীমিত সিরিজ বিভাগে সবচেয়ে বেশি ১৬টি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ‘বিফ’-এর দ্বিতীয় কিস্তি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ