নওগাঁয় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত
নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয় তার সাত বছর বয়সী মেয়েও।
শনিবার ( ১৯ সেপ্টম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুজ্জামান নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন অফিসে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে মহাদেবপুর যাচ্ছিলেন রাশেদুজ্জামান। হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদুজ্জামান মারা যান এবং তার সাত বছর বয়সী মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত রাশেদুজ্জামানের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, নিহত রাশেদুজ্জামান একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী সুস্থ আছেন। তবে তার ছোট মেয়ে রুমাইসা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।
মতামত দিন