ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত
ইরানের পশ্চিমাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। বাসটি একটি খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, পা-আলাম এলাকায় চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি আন্দিমেশক ও পোল-এ-দোখতার শহরের সংযোগ সড়কে ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৯ জনের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি ৩ জন নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত ১৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বাসে মোট ২৭ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই দক্ষিণ ইরান থেকে পশ্চিমে যাচ্ছিলেন এবং তারা সেনাবাহিনীর সদস্য ছিলেন। দুর্ঘটনাটি দুর্গম পাহাড়ি অঞ্চলে ঘটে, যা রাজধানী তেহরান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে