Views Bangladesh Logo

কুষ্টিয়ার খোকসায় মাইক্রোচাপায় চার শিশুর মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় মসজিদে আরবি পড়ে বাড়ি ফেরার পথে দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় চার শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া সাতটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার শিমুলিয়া কুঠিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে মিম (১২), পালন শেখের মেয়ে তানজিলা (১১), হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২) ও মারিয়া (১৪)। আশঙ্কাজনক অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন ফাতেমা ও সাদিয়া।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী শিশুদের হত্যার বিচারের দাবিতে মহাসড়কটিতে অবরোধ ও বিক্ষোভ করেন। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিচারের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা এবং ফের যান চলাচল শুরু হয়েছে।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিল ছয় শিশু শিক্ষার্থী। তারা রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসটি তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অন্য তিনজন মারা যায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনর রশীদ জানান, মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তবে মাইক্রোবাসের কেউ হতাহত হননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ