কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কুমিল্লা ইপিজেডের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লাঠিচার্জে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন এবং একাধিকজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার পদুয়ার বাজার এলাকায় নাসা গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।
শ্রমিকদের অভিযোগ, তাদের অন্তত ১৫০০ জনের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা দাবি করেন, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও পাওনা পরিশোধে টালবাহানা করা হচ্ছে।
এক শ্রমিক ফরহাদ হোসেন ছোটন বলেন, আমাদের তিনটি প্রতিষ্ঠানের প্রায় ১৫০০ শ্রমিকের বেতন বকেয়া রয়েছে। বারবার যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।
আরেক শ্রমিক কামাল হোসেন জানান, সম্প্রতি একটি বৈঠকের কথা শোনা গেলেও সেখানে শ্রমিকদের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি।
অন্যদিকে শ্রমিক কাওসার হামিদ বলেন, আমাদের দাবি দ্রুত বকেয়া পরিশোধ করা হোক। না হলে আবারও মহাসড়ক অবরোধ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানানো হলে শ্রমিকরা পুলিশের ওপর হামলা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক টিম কাজ করে এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে