Views Bangladesh Logo

গোপালগঞ্জে তেল না পেয়ে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে ফিলিং স্টেশনে তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালকরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়কের মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে এ অবরোধ করা হয়।

অবরোধের ফলে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই পাম্পে পর্যাপ্ত তেল থাকার পরও তা সরবরাহ করা হচ্ছিল না। এতে ক্ষুব্ধ হয়ে চালকরা সড়ক অবরোধে নামেন।

অবরোধকারীদের একজন মহাসিন মোল্লা অভিযোগ করেন, পাম্পে তেল থাকা সত্ত্বেও দেওয়া হচ্ছে না। পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসনের মধ্যে কোনো জটিলতার কারণে তারা ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে পাম্পের মালিক মিজানুর রহমান বলেন, জনবল সংকটের কারণে তেল সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। পাঁচজন কর্মীর জায়গায় মাত্র দুজন কর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছিল। অতিরিক্ত কাজের চাপের কারণে কর্মীরা সকালে চলে যাওয়ায় তেল দেওয়া সম্ভব হয়নি।

খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়। পরে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি সমাধানে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ