Views Bangladesh Logo

দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে ফের সড়ক অবরোধ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও তাকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে আজ মঙ্গলবারও বিক্ষোভ করেছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কলেজ গেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়। সমাবেশের আগে কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা কলেজ গেট, টিটিসি, কল্যাণপুর ও কেকে রায় সড়ক ঘুরে আবার কলেজ গেটে এসে সমাবেশে মিলিত হয়।

‘দীপেন দেওয়ানের পদত্যাগপত্র মানি না, মানব না’, ‘ষড়যন্ত্রমূলক পদত্যাগ বাতিল কর’—এমন স্লোগান দিয়ে নেতা-কর্মীরা প্রায় ২০ মিনিট কলেজ গেট সড়ক অবরোধ করে রাখেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

সমাবেশে রাঙামাটি জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া বলেন, দীপেন দেওয়ানের বিষয়টি পুনর্বিবেচনা করে মন্ত্রিত্ব ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। তার দাবি, কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্রে দীপেন দেওয়ানের কিছু হলে রাঙামাটিবাসী তীব্র আন্দোলন গড়ে তুলবে এবং এর দায় ষড়যন্ত্রকারীদের পাশাপাশি প্রশাসনকেও নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক শিবলী শান্তি চাকমা, জেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, জেলা বিএনপির সদস্য সাবের হোসেন ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাদের আলী প্রমুখ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (১ জুন) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন দীপেন দেওয়ান। এর প্রতিবাদে সোমবার কাঁঠালতলীতে এবং মঙ্গলবার কলেজ গেটে টানা দুই দিন সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপির নেতা-কর্মীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ