Views Bangladesh Logo

বগুড়ায় মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় তার তিন বছরের ছেলে একটি পা হারিয়েছে। এ ঘটনার প্রতিবাদে নিহতের মরদেহ নিয়ে ঢাকা–বগুড়া মহাসড়কের বেতগাড়ী এলাকায় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ শুরু হয়। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন ঘটনাস্থলে গিয়ে স্বজন ও স্থানীয়দের দাবি পূরণের আশ্বাস দিলে সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবি, বেতগাড়ী এলাকায় দ্রুত একটি ফ্লাইওভার নির্মাণ করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চামেলি খাতুন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি বেতগাড়ী এলাকায় একটি বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে ছিলেন চামেলি ও তার ছেলে সোয়াদ।

চামেলি মারা গেলেও সোয়াদ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তার ডান পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শাজাহানপুরের কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মইনুল ইসলাম বলেন, সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং দাবি পূরণের আশ্বাস দিলে তারা সড়ক ছাড়েন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ