Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা, গরমে গলে যাচ্ছে রাস্তার পিচ

চুয়াডাঙ্গায় মৌসুমের শুরুতেই তাপমাত্রা বেড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এর ফলে জেলার বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কোথাও কোথাও রাস্তার পিচ গলে যাওয়ার ঘটনাও দেখা গেছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৮ শতাংশ, যা গরমের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

কয়েকদিন আগেও হালকা শীতের আমেজ থাকলেও হঠাৎ তাপমাত্রা বেড়ে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। বৃষ্টিপাত না থাকায় দিন দিন গরমের তীব্রতা আরও বাড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার সামনে কয়েকটি স্থানে রাস্তার পিচ গলে গিয়ে নরম হয়ে পড়েছে। এতে যানবাহনের টায়ারে পিচ লেগে যাচ্ছে, ফলে চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।

তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, মোটরসাইকেল ও ইজিবাইক চালকরা। দীর্ঘ সময় রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তেল নেওয়ার জন্য, এতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলে জানিয়েছেন তারা।

একজন মোটরসাইকেল চালক বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। রোদে থাকতে থাকতে শরীর খারাপ হয়ে যাচ্ছে।

ইজিবাইক চালকরা জানান, গরমের কারণে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জেলায় বর্তমানে মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ