টঙ্গীতে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
গাজীপুরের টঙ্গীতে দীর্ঘ ৪ ঘণ্টা অবরোধের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন শ্রমিকরা। এর আগে আজ (১১ মার্চ) সকাল ৭টা থেকে বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা।
জানা গেছে, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শুরু হওয়া এ অবরোধ প্রায় চার ঘণ্টা ধরে চলতে থাকে, যার কারণে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে। পরে বেলা ১১টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার নিয়ম অনুযায়ী, প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। কিন্তু ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেয়া হয়নি। মার্চের ১০ তারিখ পার হলেও বেতন না দেয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সোমবার কাজ বন্ধ করে বাড়ি ফিরে যান।
পরে মঙ্গলবার (১১ মার্চ) সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এরপরই তারা বিক্ষোভ শুরু করেন। ফলে টঙ্গী ও আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সরানোর চেষ্টা করলেও সফল হয়নি। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, ‘সকালে ৭টা থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন এবং সেনাবাহিনীর সহায়তায় বেলা ১১টার দিকে তারা রাস্তা ছেড়ে দেন।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে