গাজীপুরে সরকার নির্ধারিত মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
সরকার নির্ধারিত মজুরি পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আটকে বিক্ষোভ করায় সৃষ্টি হয় তীব্র যানজট।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকেই রাস্তায় নেমে আসেন পোশাক শ্রমিকরা। এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, ‘সরকার ঘোষিত মজুরি কাঠামো অনুযায়ী বেতন পরিশোধসহ ছয় দফা দাবিতে সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকার পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন।’
দেশের বৃহৎ এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে ১০ ঘণ্টার পরিবর্তে আট ঘণ্টা কর্মদিবস।
তবে পুলিশ তাদের দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন, এতে যান চলাচল স্বাভাবিক হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে