Views Bangladesh Logo

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল দুই মহাসড়ক, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে দুই মহাসড়কের কয়েকটি স্থানে অবস্থান নিয়ে অবরোধ করেন। তাঁদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক জায়গা থেকে পুলিশ তাঁদের সরিয়ে দিলেও পরে অন্য স্থানে গিয়ে আবারও সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

সকালে নাওজোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিক সড়কে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরানোর চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই অংশেও যান চলাচল বন্ধ হয়ে যায়। একই মহাসড়কের ভবানীপুর এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। পুলিশ সেখানে মাইকিং করে বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে এক এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর অন্য এলাকায় তাঁদের পুনরায় জড়ো হওয়ার খবর পাওয়া যায়।

শ্রমিক অসন্তোষের কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গাজীপুরের ১৫টি পোশাক কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রমেও প্রভাব পড়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, বিক্ষোভরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ